রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য। অর্থনীতিবিদ, লেখক ও রাজনীতিবিদ রেজা কিবরিয়া ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করছেন। সংসদে তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।
রেজা কিবরিয়া ১৯৫৭ সালের ৬ মার্চ তৎকালীন সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার জালালসাপ গ্রামে (বর্তমান নবীগঞ্জ উপজেলা, হবিগঞ্জ) জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শাহ এ এম এস কিবরিয়া ছিলেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী। মাতা আসমা কিবরিয়া ছিলেন চিত্রশিল্পী। তাঁর বোন নাজলী কিবরিয়া যুক্তরাষ্ট্রের বস্টন বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে অধ্যাপনা করেন।
তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, দর্শন ও অর্থনীতিতে স্নাতক এবং কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অক্সফোর্ড থেকেই অর্থনীতিতে এমফিল ও ডিফিল সম্পন্ন করেন। ১৯৮৪ সালে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) যোগ দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত পাপুয়া নিউগিনি সরকারের রাজস্ব বিভাগের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা, পরে পিডিপি অস্ট্রেলিয়ার প্রধান অর্থনীতিবিদ এবং ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত আইএমএফের পূর্ব আফ্রিকা আঞ্চলিক কারিগরি সহায়তা কেন্দ্রের সামষ্টিক অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি ২০১৬ সাল থেকে দুই বছর কম্বোডিয়া সরকারের অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রণালয়ে আইএমএফের ম্যাক্রো ফিসক্যাল উপদেষ্টা ছিলেন। ২০১৫ সাল থেকে তিনি ইন্টিগ্রো হোল্ডিংসের চেয়ারম্যান।
২০১৮ সালে দেশে ফিরে গণফোরামে যোগ দেওয়ার মাধ্যমে তাঁর সক্রিয় রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য ও পরে সাধারণ সম্পাদক হন। ২০২১ সালের ২৬ অক্টোবর তিনি গণঅধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব নেন। ২০২৫ সালের ১ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এবং দলটি তাঁকে হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন দেয়।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ১,১১,৯৯৯ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর স্ত্রী সিমি কিবরিয়া।